বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বে ফুটবলপ্রেমীরা দেখলেন একটি বিরল ঘটনা। একই দিনে অনুষ্ঠিত চারটি ম্যাচের সবকটিই ড্র হওয়ায় ৬৮ বছর আগের একটি পরিসংখ্যান আবারও আলোচনায় এসেছে।
সোমবার অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে স্পেন ও কেপ ভার্দে গোলশূন্য ড্র করে। এরপর বেলজিয়াম ও মিশরের লড়াই শেষ হয় ১-১ সমতায়। একই ব্যবধানে ড্র করে সৌদি আরব ও উরুগুয়ে। দিনের শেষ ম্যাচে ইরান ও নিউজিল্যান্ড ২-২ গোলে সমতায় থেকে মাঠ ছাড়ে।
ফলে দিনের চারটি ম্যাচের কোনোটিতেই জয়-পরাজয় নির্ধারিত হয়নি। বিশ্বকাপের ইতিহাসে এমন ঘটনা অত্যন্ত বিরল।
পরিসংখ্যান বলছে, সর্বশেষ ১৯৫৮ সালের বিশ্বকাপে একই দিনে অনুষ্ঠিত সব ম্যাচ ড্র হয়েছিল। সুইডেনে অনুষ্ঠিত সেই আসরের পর এবারই প্রথম এমন দৃশ্য দেখা গেল বিশ্বকাপে।
দিনের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ ছিল ইরান ও নিউজিল্যান্ডের লড়াই। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় নিউজিল্যান্ড। সপ্তম মিনিটে এলিজাহ জাস্ট গোল করে দলকে এগিয়ে দেন।
তবে দ্রুত ঘুরে দাঁড়ায় ইরান। প্রথমার্ধে রামিন রেজাইয়ানের গোলে সমতা ফেরে ম্যাচে। বিরতির পর আবারও নিউজিল্যান্ডকে এগিয়ে দেন এলিজাহ জাস্ট। নিজের দ্বিতীয় গোল করে তিনি দলকে জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেন।
কিন্তু ইরান হার মানেনি। ম্যাচের ৬৪ মিনিটে মোহাম্মদ মুহিবির হেড থেকে আসে সমতার গোল। এরপর দুই দলই সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি।
ফলাফল হিসেবে ম্যাচটি ২-২ ড্র হলেও এটি ইতিহাসের অংশ হয়ে যায় অন্য একটি কারণে। কারণ এই ড্রয়ের মধ্য দিয়েই পূর্ণ হয় ৬৮ বছর আগের এক বিরল বিশ্বকাপ রেকর্ড।
মজার বিষয় হলো, ১৯৫৮ সালে যে দিনে এমন ঘটনা ঘটেছিল, সেটিও ছিল ১৫ জুন। দীর্ঘ সময় পর একই তারিখে আবারও বিশ্বকাপের ইতিহাসে যুক্ত হলো নতুন একটি অধ্যায়।
ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এমন কাকতালীয় ঘটনা খুব কমই দেখা যায়। তাই ২০২৬ সালের ১৫ জুন দিনটি বিশ্বকাপ ইতিহাসে বিশেষ একটি দিন হিসেবেই স্মরণীয় হয়ে থাকবে।
এখনো কোনো মতামত নেই। আপনার মতামত দিন।